লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.দুলাল হোসেনের বিরুদ্ধে সরকারি বিভিন্ন বরাদ্দের টাকা আত্মসাৎ ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।সঠিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউনিয়ন বাসিন্দারা।
মানববন্ধন চলাকালীন সময়ে”প্যানা”সরিয়ে ফেলা নিয়ে ধাক্কাধাক্কির ঘটনায় কিছুটা উত্তেজনাও ছড়িয়ে পড়ে।
রোববার (২৩ আগস্ট) সকালে মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, স্থানীয় নেতাকর্মী সহ অভিযোগকারী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান দুলাল হোসেন সরকারি প্রকল্প, উন্নয়ন খাতের বরাদ্দের অর্থ যথাযথভাবে বিতরণ না করে আত্মসাৎ করেছেন।
সেই সাথে মোগলহাট ইউপি সদস্য মো. শুকুর উদ্দিনের যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় অভিযোগকারী পক্ষের মানববন্ধনে, মোগলহাট ইউপি সদস্য-মো. শুকুর উদ্দিন ওরফে (শুক্কুর মেম্বার) এসে অংশগ্রহণকারীদের হাতে থাকা প্যানা তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হলে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও অভিযোগকারীদের মানববন্ধন থামাতে পারেনি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মোগলহাট ইউনিয়নের ইটাপোতা কলোনি জামে মসজিদের উন্নয়নের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও মসজিদ কমিটির সভাপতিকে মাত্র ৬৮ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা প্যানেল চেয়ারম্যান আত্মসাৎ করেন।
সরকারিভাবে বরাদ্দকৃত গ্রাম উন্নয়ন প্রকল্পের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বরাদ্দকৃত অর্থ নিয়ে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে,প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সেই সাথে তার পদবি থেকে অপসারণের দাবি জানান।
অভিযোগ অস্বীকার করেছেন মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল হোসেন।
এ বিষয়ে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস বলেন, অভিযোগগুলো তদন্ত করে দেখা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

