বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২৩, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

জয়পুরহাটে কৃষকদের অভিযোগ, সার বিক্রিতে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে

জয়পুরহাটে কৃষকদের অভিযোগ, সার বিক্রিতে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে

জয়পুরহাটে আমন মৌসুমে নন-ইউরিয়া রাসায়নিক সার ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষকেরা। তাদের অভিযোগ, চাহিদামতো সার পাওয়া গেলেও খুচরা বিক্রেতারা সরকারি নির্ধারিত দামের চেয়ে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নিচ্ছেন।

কৃষকদের অভিযোগ, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারের ক্ষেত্রে এ অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। তবে প্রমাণসহ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ৯৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে ৯৭ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। বর্তমানে কৃষকেরা ধানখেত পরিচর্যা, নিড়ানি ও সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন।

কৃষকদের অভিযোগ, সার কিনতে গিয়ে তাদের সরকারি দামের চেয়ে বেশি টাকা গুনতে হচ্ছে। ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম ১ হাজার ৩৫০ টাকা হলেও তা ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ১ হাজার ৫০ টাকা নির্ধারিত দামের ডিএপি সার বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম. সাদিকুল ইসলাম জানিয়েছেন, জেলায় বিসিআইসির ৫৮ জন, বিএডিসির ১১২ জন এবং খুচরা পর্যায়ে ৩২৬ জন ডিলার রয়েছেন। তাঁদের মাধ্যমে কৃষকদের মধ্যে সার বিতরণ করা হচ্ছে। সারের দাম বেশি নেওয়ার প্রমাণসহ অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।