নতুন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাজ হবে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করা, কোনোভাবেই কন্ট্রোলের দিকে যাওয়া নয়। তিনি রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।” নতুন দায়িত্ব পাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী।”
সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে তুলে ধরার দায়িত্বের ওপর গুরুত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের বিষয়গুলোতে ইতিবাচক প্রভাব ফেলার কথাও উল্লেখ করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, “আমরা ১০০% এফোর্ট দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে। কিন্তু নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং।” তিনি জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে, মন্ত্রী সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে আসেন এবং তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে তিনি সকাল সাড়ে ৯টায় কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

