বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২২, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বাধার অভিযোগ, পুলিশ মোতায়েন

বাঁশখালীতে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বাধার অভিযোগ, পুলিশ মোতায়েন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বের করা জশনে জুলুসের মিছিলে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে বাঁশখালী পৌরসভার ভাদালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার শেষ প্রান্তে সরল ইউনিয়নের সংযোগস্থলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন সুন্নি আলেম-ওলামা ও সাধারণ মানুষ। এ সময় স্থানীয় একটি কওমি মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও কওমিপন্থীরা মিছিলে আপত্তি জানান। তাদের দাবি ছিল, মাদরাসার সামনের সড়ক দিয়ে কোনো মিছিল যেতে দেওয়া হবে না।

বাকবিতণ্ডার জেরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হলে ভাদালিয়া বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে আসে।

বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয়। থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, এ পরিস্থিতি পুরোনো বিরোধের জের ধরে সৃষ্টি হয়েছে। পুলিশ সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় আপাতত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি জানান, দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য ও ক্ষোভ নিরসনে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশের উপস্থিতিতে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে।