বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম শুক্রবার (২১ আগস্ট) ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন। তিনি সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে পরিবার ও বন্ধুদের সঙ্গে এই বিশেষ দিনটি কাটান। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর ক্যাটারহাম বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পান। তিনি টাইটানিক জাহাজডুবির তিন বছর আগে এবং রুশ বিপ্লবের আট বছর আগে জন্মগ্রহণ করেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, ২০২০ সালে ১১০ বছর বয়সে ক্যাটারহাম কোভিড আক্রান্ত হলেও তিনি তা সফলভাবে জয় করেন। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে জন্মগ্রহণ করা ক্যাটারহাম আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান।
১৯২৭ সালে মাত্র ১৯ বছর বয়সে ভারতে আসেন তিনি এবং পরে ১৯৩১ সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যানের সঙ্গে পরিচিত হন। তাদের দুই কন্যাসন্তান থাকলেও দুজনেই মারা যান। ১৯৭৬ সালে স্বামী নরম্যানের মৃত্যুর পর তিনি একা জীবনযাপন করেন।
গত বছর সেপ্টেম্বরে তার ১১৬তম জন্মদিনে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস তাকে দেখতে যান। সাক্ষাৎকালে ক্যাটারহাম রাজা চার্লসের রাজ্যাভিষেকের স্মৃতি স্মরণ করে রসিকতা করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, ইতিহাসের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাবটি এখনও ফরাসি নারী জান ক্যালমতের, যিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান।

