দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায়। এ অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে বঙ্গভবনে প্রবেশ করছেন মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক দলের নেতারা।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে ভোলার সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থসহ বেশ কয়েকজনকে বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। ঐতিহাসিক এই দরবার হলেই এর আগে বহু রাষ্ট্রপতির শপথসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। সিইসি এএমএম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন)-এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন।

