সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি চার প্রতিযোগী সাফল্য অর্জন করেছেন, যাদের মধ্যে দুজন নারী। প্রতিযোগিতার চতুর্থ বিভাগে পবিত্র কোরআন মুখস্থ করে প্রথম হয়েছেন মোহাম্মদ নুরুউদ্দিন জাকারিয়া। একই বিভাগে নারীদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন রাবিতা বিনতে রমজান।
নারীদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে তৃতীয় স্থান অর্জন করেছেন মাসফিরা বিনতে মাহমুদ। একই বিভাগে পুরুষদের মধ্যে তৃতীয় হয়েছেন শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান। এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেন। বিজয়ীদের মধ্যে মোট পুরস্কারের অর্থ এক কোটি সৌদি রিয়ালের বেশি।
মোহাম্মদ নুরুউদ্দিন জাকারিয়া কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরের সঙ্গে তিলাওয়াতের চতুর্থ বিভাগে প্রথম হয়ে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন।
শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের জন্য তৃতীয় স্থান অর্জন করে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল। নারীদের তৃতীয় বিভাগে মাসফিরা বিনতে মাহমুদ ১ লাখ ৮০ হাজার রিয়াল (৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা) পুরস্কার পেয়েছেন।
নারীদের কোরআন মুখস্থের চতুর্থ বিভাগে রাবিতা বিনতে রমজান তৃতীয় হয়ে ১ লাখ ৩০ হাজার রিয়াল (৪২ লাখ ৩০ হাজার ২০০ টাকা) পুরস্কার পেয়েছেন।

