বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২১, ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ

দাওয়াত খেতে যাওয়ার পথে মা-মেয়ের মৃত্যু

দাওয়াত খেতে যাওয়ার পথে মা-মেয়ের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বামী ও মেয়েকে নিয়ে দাওয়াত খেতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তাদের নয় বছরের মেয়ে নুছাইফা আক্তার। দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালক সেলিম সরকার অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই গোবিন্দগঞ্জের দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়।

এ ঘটনায় সম্পা ও নুছাইফা সড়কে ছিটকে পড়েন এবং ট্রাকটি তাঁদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।