জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে রাষ্ট্রপতি হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দীর্ঘদিনের কর্মজীবন একসঙ্গে কেটেছে। আপনার কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করি।”
নিজের নির্বাচনী মূল্যায়ন তুলে ধরে অলি আহমদ জানান, বিভিন্ন সংস্থার পরিচালিত জরিপে জনগণ তাকে ৬৮ থেকে ৭০ শতাংশ ভোট দিয়েছে, যেখানে মির্জা ফখরুল ইসলামকে ২৮, ২৯ বা ৩১ শতাংশ ভোট দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন, “বর্তমানে বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। এই মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কোনো কাজ করার সাংবিধানিক সুযোগ নেই।”
অলি আহমদ আশা প্রকাশ করেন, আগামী দিনে সংসদ বসলে রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য আসবে।

