বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২০, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ

কৃষকদের পেস্টিসাইড ব্যবহারে প্রশিক্ষণ দেবে সরকার: কৃষিমন্ত্রী

কৃষকদের পেস্টিসাইড ব্যবহারে প্রশিক্ষণ দেবে সরকার: কৃষিমন্ত্রী

কৃষকদের পেস্টিসাইড ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সম্মেলন কক্ষে বিএআরসির গভর্নিং বডির ৬ষ্ঠ সভায় এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের মধ্যে ক্যানসারসহ নানা গুরুতর স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পেস্টিসাইডের ব্যবহার নিয়ন্ত্রণে কৃষকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, প্রাকৃতিক বা জৈব সার সঠিকভাবে ব্যবহার করা গেলে মাটি, পরিবেশ, পানি ও মাছ নিরাপদ থাকবে। বাংলাদেশ মাংস উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। উৎপাদন বাড়াতে গবেষণার পরিধি ও কার্যক্রম বাড়াতে হবে।

সভায় মন্ত্রী উল্লেখ করেন, মাটিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়ছে এবং মাটির পিএইচ (অম্লত্ব) মাত্রা উদ্বেগজনক। কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ পৌঁছে দিতে ‘খামারি’ মোবাইল অ্যাপের জনপ্রিয়তা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের নতুন জাত উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।