বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৫, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ

বিএসআইসির এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ওয়াইজ রহিম

বিএসআইসির এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেলেন ওয়াইজ রহিম

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিএসআইসিকে বাংলাদেশের এক নম্বর প্রাতিষ্ঠানিক ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরবর্তী ধাপে যেতে এ নিয়োগকে প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনায় সম্প্রতি বিএসআইসি গঠিত হয়েছে। এর লক্ষ্য উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন স্টার্টআপগুলোর জন্য দেশীয় প্রাতিষ্ঠানিক মূলধন সংগ্রহ করা এবং দেশের ভেঞ্চার ক্যাপিটাল ও উদ্ভাবনী ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা।

কোম্পানিটি ইতোমধ্যে তাদের প্রথম তহবিল ‘অঙ্কুর’ চালু করেছে। ৩৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪২৫ কোটি টাকার এ তহবিল দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথভাবে দেশের স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ করা হবে। আগামী পাঁচ বছরে এ তহবিলের আকার ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

বিএসআইসিতে যোগদানের আগে ওয়াইজ রহিম লন্ডনভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান স্টারজন ক্যাপিটালে বাংলাদেশ অংশের ভেঞ্চার পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি ডেলিগ্রাম নামের একটি সর্বচ্যানেল ই-কমার্স প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন।

ওয়াইজ রহিমের নিয়োগ প্রসঙ্গে বিএসআইসির চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, ‘আমাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তার নিয়োগ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়াইজ রহিমের মধ্যে ভেঞ্চার বিনিয়োগ অভিজ্ঞতা, উদ্যোক্তাসুলভ দৃষ্টিভঙ্গি এবং প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতার এক বিরল সমন্বয় রয়েছে।’