জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে এবং সারা দেশে দলীয়করণ করছে।
তিনি বলেন, প্রশাসনের সকল জায়গায় এবং রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। এর ফলে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই।
নাহিদ ইসলাম আরও জানান, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা সম্ভব হচ্ছে না।
তবে তিনি উল্লেখ করেন, বিরোধী দল গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে। এর ফলে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।

