বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২১, ২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ২০, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী

হবিগঞ্জ মেডিকেল কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১৫ শিক্ষার্থী

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধের কারণে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমিসহ আরও কয়েকজন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সংঘর্ষের সূত্রপাত ঘটে তাফসির ও শরীফ উদ্দিনের মধ্যে কথাকাটাকাটির মাধ্যমে, যা পূর্বের অভ্যন্তরীণ বিরোধের ফলস্বরূপ ছিল।

সংঘর্ষের সময় শিক্ষার্থীরা লোহার রড, স্টাম্পসহ দেশীয় অস্ত্র ব্যবহার করেন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর থেকে হোস্টেল ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আহত এক পক্ষের দাবি, এটি সাধারণ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নয় বরং পরিকল্পিত হামলা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।