গাইবান্ধার ফুলছড়িতে একটি চালবোঝাই ট্রাকের চাকা ভেঙে পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাহিদ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকার বাসিন্দা এবং ট্রাকের চালক মিস্টারের ভাতিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটি বিপুল পরিমাণ চাল নিয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটির সামনের একটি চাকা ভেঙে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি সড়কের পাশের পানিতে উল্টে যায়।
দুর্ঘটনার পর ট্রাকের ভেতরে মোজাহিদ ও চালক মিস্টার আটকা পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে মোজাহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসরাকুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।

