বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ১২, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৯, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ

কেশবপুরে ইমাম-খাদেমদের সম্মানী তালিকায় অনিয়মের অভিযোগ

কেশবপুরে ইমাম-খাদেমদের সম্মানী তালিকায় অনিয়মের অভিযোগ

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়ার তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে স্থানীয় জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের তিন হাজার ও খাদেমদের দুই হাজার টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদের তালিকা নেওয়া হচ্ছে।

তালিকা তৈরির দায়িত্ব স্থানীয় ইউনিয়ন নেতৃত্বকে দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে, গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদে কর্মরত ইমাম মাওলানা আব্দুল রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে জামায়াত নেতা তবিবুর রহমানকে ‘ইমাম’ এবং আব্দুল মুতালেব মোল্লাকে ‘খাদেম’ দেখিয়ে ভুয়া তালিকা তৈরি করা হয়েছে।

এলাকার বাসিন্দারা সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সংসদ সদস্য মাসুদ কামালকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে, মাসুদ কামাল তার নিজস্ব পছন্দ অনুযায়ী তালিকা চূড়ান্ত করে দপ্তরে জমা দেন। মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার বলেন, তালিকা তৈরির বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মাসুদ কামাল বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয় এবং তিনি মসজিদ কমিটি থেকে প্রাপ্ত তালিকা দপ্তরে পাঠিয়েছেন।