কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের তিন বছরের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলি (৬৪) নিহত হয়েছেন। আজ বুধবার ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত নয়জনের মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। নিহত অন্য বাংলাদেশি হলেন ঢাকার সাভারের আহমেদ বাবু (৩)। এছাড়া ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয়ও নিশ্চিত করা হয়েছে।
দেবাশীষ দত্ত কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট ভারতে যান দেবাশীষ। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেওয়ার পর ১৮ আগস্ট কলকাতায় ফেরেন।
দেবাশীষ দত্তের মৃত্যুর খবর পেয়ে তাঁর বন্ধু ও সাংবাদিক তৌহিদী হাসান বলেন, পরিবারের সদস্যরা শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন। দেবাশীষের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে।
আজকের পত্রিকা পরিবার দেবাশীষ দত্তের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

