প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির ব্রিফিংয়ে জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচন করতে অভ্যস্ত না হলেও সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
তিনি বলেন, ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। অধিবেশন চলমান না থাকায় ভোটের দিন ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে তিনটি মনোনয়ন পাওয়া গেছে, যার মধ্যে দুইজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।
সিইসি আরও জানান, মনোনয়নপত্র বাছাইয়ে ইসির সঙ্গে সংসদ সচিবালয় সমন্বয় করেছে এবং তারা সব ধরনের সহায়তা প্রদান করছে। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৪৯। ভোটার তালিকায় সংসদীয় আসন হিসেবে নয়, বিভক্তি নাম্বার হিসেবে রাখা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভারপ্রাপ্ত রাষ্ট্র, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতাসহ সব এমপিরা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
নির্বাচনের ভোট দেয়ার সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট শেষে অধিবেশন কক্ষে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে এবং এরপর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হবে, যোগ করেন প্রধান নির্বাচন কমিশনার।

