বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদার এবং নতুন সম্ভাবনার সন্ধানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) মালয়েশিয়ার পুত্রজায়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এবং মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপমন্ত্রী চিউ চুন মান উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীও বৈঠকে অংশ নেন।
আলোচনায় বিমান চলাচলের সংখ্যা বৃদ্ধি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, দক্ষতা উন্নয়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা বিনিময়ের মতো বিষয়গুলো উঠে আসে। দুই দেশের পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দুই পক্ষ আশা প্রকাশ করেছে যে, এই সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং জনগণের মধ্যে বোঝাপড়া গভীর করবে।

