ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে কেল্লা শাহ’র মাজারের দানবাক্সে ১ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া দানবাক্সের টাকা গণনার কাজ মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত পর্যন্ত চলে।
গণনা কার্যক্রমে সোনালী ব্যাংকের প্রায় ৫০ জন কর্মকর্তা এবং মাজার শরীফ মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী অংশ নেন। দানবাক্সগুলো থেকে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রূপা ও বিভিন্ন দেশের বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
মাজার পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, সাত দিনব্যাপী ওরস চলাকালে দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা দানবাক্সগুলোতে নগদ অর্থ, স্বর্ণ ও রূপার অলংকার এবং বিভিন্ন দেশের মুদ্রা দান করেন। পাওয়া স্বর্ণ-রূপা ও বিদেশি মুদ্রা পৃথকভাবে সংরক্ষণ করা হচ্ছে।
এছাড়া, মাজার প্রাঙ্গণে ভক্তদের দেওয়া বিভিন্ন পশুপাখি ও অন্যান্য সামগ্রীর হিসাব-নিকাশও চলছে। এসব সামগ্রী বর্তমানে মাজার কর্তৃপক্ষের জিম্মায় রয়েছে।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, গত ১০ আগস্ট থেকে কেল্লা বাবার মাজারে সাত দিনব্যাপী ওরস শুরু হয়। ১৬ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত চলে ওরসের আনুষ্ঠানিকতা।
মাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপা ও বিদেশি মুদ্রার হিসাবও করা হচ্ছে। সবকিছুর হিসাব-নিকাশ শেষ হলে মাজারের সার্বিক আয়-ব্যয়ের তথ্য জানানো হবে।

