আধুনিক জীবনে স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ার সাথে সাথে ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার প্রক্রিয়ায় কিছু ভুল করা হয়ে থাকে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’-এর এক প্রতিবেদনে এসব ভুল সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত সময় ধরে ফোন চার্জে রাখা একটি সাধারণ ভুল। অনেকেই রাতভর ফোন চার্জে রেখে দেন, যা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ব্যাটারি ১০০ শতাংশ পূর্ণ হওয়ার পরও চার্জে রাখা হলে এর ধারণক্ষমতা কমে যেতে পারে।
ফোন চার্জ দেওয়ার সময় উষ্ণ পরিবেশে বা বিছানায় চার্জ দেওয়া থেকেও বিরত থাকা উচিত। ফোন চার্জ হওয়ার সময় গরম হয়ে যায় এবং বিছানার মতো জায়গায় রাখলে তা আরও উত্তপ্ত হতে পারে, যা অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে।
সস্তা ক্যাবল ও অ্যাডাপ্টার ব্যবহার করাও একটি ভুল। নামহীন সস্তা এক্সেসরিজগুলো সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারে না এবং অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। তাই মূল চার্জার বা নির্ভরযোগ্য ব্র্যান্ডের ক্যাবল ব্যবহার করা উচিত।
ব্যাটারি-সেভিং অ্যাপ ব্যবহার করার সময় সতর্ক থাকতে হবে। এসব অ্যাপ অনেক সময় কার্যকরী পরিবর্তন আনতে পারে না এবং ফোনের গুরুত্বপূর্ণ সেটিংসে প্রবেশের কারণে ঝুঁকি সৃষ্টি করতে পারে।
চার্জ দেওয়ার সময় ফোন ব্যবহার করাও ক্ষতিকর। এইচডি ভিডিও দেখা বা ভারী গেম খেলার ফলে ব্যাটারির ওপর চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। তাই চার্জ হওয়ার সময় ফোনটিকে বিশ্রাম দেওয়াই শ্রেয়।

