ঢাকা থেকে কাতারের দুই দিনের সরকারি সফরে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দোহার উদ্দেশে যাত্রা করেন এবং আগামী ১৯ আগস্ট রাতে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে। প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।
সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী কর্মীদের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

