বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ৩১, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার: রিজভী

রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে সরকার: রিজভী

গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। সভাটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ।’ তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে মানুষের জানমালের নিরাপত্তা ছিল না এবং ভিন্নমত পোষণ করলেই গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হতো।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হয়েছে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছে।

রিজভী দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে এবং একাধিক ব্যাংক লোপাট হয়েছে। তিনি সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরেন এবং বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।