বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কা ও পিষ্ট হয়ে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর বাঁক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন—গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা গ্রামের আব্দুল হামিদ আর্মির ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিব ও সাব্বির মোটরসাইকেল নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। কাশিমপুর বাঁক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক তখনই অন্য একটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দেয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তিনি জানান, ঘটনার পর চাপা দিয়ে চলে যাওয়া ট্রাকটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।