রাজধানীর কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে গরম পানি ঢেলে হত্যার দায়ে মো. সানাউল্লাহকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ রায় ঘোষণা করেন বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।
এছাড়া, সানাউল্লাহকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৯ আসামিকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া আসামিরা হলেন আলী হোসেন, মিন্টু মিয়া, নুর ইসলাম, শহিদুল্লাহ, মো. কালু, শহিদুল, বেগম, রেনু বেগম ও আ. খালেক।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৮ নভেম্বর সানাউল্লাহর সঙ্গে রুবিনা আক্তার পিংকির বিয়ে হয়। বিয়ের পর থেকেই সানাউল্লাহ যৌতুকের জন্য পিংকিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ২০০৬ সালের ২ মে যৌতুক না পেয়ে তিনি পিংকিকে গরম পানি দিয়ে পুড়িয়ে দেন।
পিংকির ডাক-চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিংকির বাবা কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০০৬ সালের ২০ অক্টোবর সানাউল্লাহকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেওয়া হয়।
মামলার বিচার চলাকালে আদালত ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন এবং পরে রায় ঘোষণা করা হয়।

