বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ২৪, ২০২৬, ৯:৪৬ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

শাহজালাল বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ

শাহজালাল বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনা উন্নয়নে নতুন উদ্যোগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পণ্য খালাসের দীর্ঘসূত্রতা কমাতে সরকার অস্থায়ী ও স্থায়ী ওয়্যারহাউস নির্মাণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে তাপমাত্রা সংবেদনশীল পণ্য দ্রুত সংরক্ষণ ও খালাসের জন্য কোল্ড স্টোরেজ অবকাঠামো তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং সমস্যা নিরসনে আয়োজিত আন্তমন্ত্রণালয় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সাতটি অস্থায়ী এবং চারটি স্থায়ী ওয়্যারহাউসের জন্য সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় ওষুধ আমদানি-রপ্তানি দ্রুত ও নিরাপদ করতে কোল্ড স্টোরেজ সুবিধা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম সভায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বিমানবন্দরের অবকাঠামো নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে কাস্টমস তাদের কার্যক্রম পরিচালনা করবে। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আরও নিরাপদ ও আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়।