চট্টগ্রামের পাহাড়তলীর টোল রোড এলাকায় গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হবিগঞ্জের মো. নুরুল আমিন, কুমিল্লার মো. শাহজাহান এবং ফেনী সদর উপজেলার মো. নুরুল আলম টুটুল।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ২১ জনের সাক্ষ্য ও প্রমাণে মো. সজিব হত্যা মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়।
রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আসামি নুরুল আলম টুটুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক নুরুল আমিন ও শাহজাহানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ১৭ অক্টোবর নিখোঁজ হন মো. সজিব। ২৭ অক্টোবর তার লাশ উদ্ধার করা হয়, যা পরে শনাক্ত করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন ছিল। তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

