জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় কোনো ত্রুটি নেই।
সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান জানান, দেশের জ্বালানি আমদানি নির্ভর এবং খনিজ সম্পদ উন্নয়নে বাপেক্স প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। তবে বিগত ১০-১৫ বছরে এ প্রতিষ্ঠানটি অকার্যকর হয়ে পড়েছে।
তিনি বলেন, জ্বালানি সমস্যা সমাধান সহজ নয়, তবে সরকার পাইপলাইন হয়ে জ্বালানি আনার চেষ্টা করছে এবং মিয়ানমারের সঙ্গেও আলোচনা চলছে। এ খাতে সরকার ৪০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত বরাদ্দ দিয়েছে, যা দেশের জন্য গুরুত্বপূর্ণ।
নজরুল ইসলাম খান আরও বলেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর জন্য সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে, কিন্তু এখন সংশোধন শব্দটি মানা হচ্ছে না। তিনি উল্লেখ করেন, ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে নিজেদের নোট অব ডিসেন্ট তুলে ধরতে হবে।
তিনি সাবেক পুলিশপ্রধান বেনজীরকে ফিরিয়ে আনার চেষ্টা সম্পর্কে বলেন, সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কূটনীতিক তৎপরতা চলছে। সরকার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্য কর্মকর্তারা।

