বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৭, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে, শিক্ষার্থীদের ভোগান্তি

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে, শিক্ষার্থীদের ভোগান্তি

অতিবৃষ্টির কারণে রেললাইনে পানি উঠে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি শাটল ট্রেন ষোলশহর রেলস্টেশনে আটকে ছিল। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ষোলশহর স্টেশন ইনচার্জ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্টেশনমাস্টার মো. মাঈন উদ্দিন জানান, চট্টগ্রাম বটতলা রেলস্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা শাটল ট্রেন দুটি ষোলশহর স্টেশনে এসে আটকে যায়। বর্তমানে রেললাইনের ওপর প্রায় ৮ ইঞ্চি পানি রয়েছে, যা না কমা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

দীর্ঘ সময় ট্রেন দুটি আটকে থাকায় অধিকাংশ শিক্ষার্থী স্টেশন ছেড়ে চলে গেছেন। তবে কিছু শিক্ষার্থী এখনো ট্রেনের ভেতরে অবস্থান করছেন। শাটল ট্রেন বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান যাতায়াতের মাধ্যম হলেও বিকল্প বাসের ব্যবস্থা করা হয়নি।

চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান বলেন, শাটল ট্রেন বন্ধ থাকলে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা উচিত। শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শাটল ট্রেন। এটি বন্ধ থাকলে বিকল্প লোকাল পরিবহনে সব শিক্ষার্থীর পক্ষে ক্যাম্পাসে আসা সম্ভব নয়।

তিনি আরও বলেন, কিছু শিক্ষার্থী নানা ভোগান্তি পেরিয়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারলেও অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারবেন না। শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার নামে বৃহত্তর একটি অংশকে বঞ্চিত করার অধিকার প্রশাসনের নেই।