রাজধানীর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক ১৫ আগস্ট আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আসামি আমিরুল আলম মিলনের বিরুদ্ধে ঘটনার বিষয়ে সরাসরি সম্পৃক্ততার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। বিচারক আবেদনের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের স্ত্রী রুজিনা আক্তার ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমিরুল আলম মিলন ৬২নং এজাহারনামীয় আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

