ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস তারকা জেসমিন ভাসিন বর্তমানে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি তিনি দুবাইয়ে জন্মদিন উদযাপনকালে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন, যেখানে চিকিৎসকরা জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক গুরুতর অন্ত্রের ইনফেকশনে আক্রান্ত হয়েছেন।
এখন তার জন্য নতুন বিপদ এসেছে। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে ঝুঁকিপূর্ণ একটি স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এই আঘাতের ফলে কিছু সময়ের জন্য তার স্মৃতিশক্তি হারিয়ে যায়।
জেসমিন জানান, স্টান্টটি শেষ হওয়ার পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার মনে নেই। দুর্ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেলেও তিনি সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি। অনেক বিষয় এখনও তার মনে নেই, যা নিয়ে তিনি চিন্তিত।
শারীরিক অবস্থার মধ্যেও জেসমিন ভাসিন মানসিকভাবে শক্তিশালী থাকার চেষ্টা করছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আতঙ্কিত মুহূর্তগুলোর কথা মনে পড়লে অস্বস্তি অনুভব করেন। তবে তিনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী মনে করছেন।

