গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি দাবি করেছেন, শুধুমাত্র তাৎক্ষণিকভাবে হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের নয়, আরও অনেক ফিলিস্তিনিকে লক্ষ্য করে হত্যা করা উচিত।
রোববার (১৬ আগস্ট) প্রকাশিত একটি পডকাস্টে সাবেক ইসরাইলি বন্দি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে বেন-গভির এসব মন্তব্য করেন। তার এই বক্তব্য ফিলিস্তিনি গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
বেন-গভির গাজায় চলমান যুদ্ধবিরতির আওতায় সামরিক অভিযান শিথিল করার সিদ্ধান্তের সমালোচনা করেন এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে নতুন করে হত্যাকাণ্ড জোরদার করার দাবি জানান। যদিও ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর সরাসরি আদেশ দেওয়ার এখতিয়ার তার নেই, তথাপি তার বক্তব্য বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।
পডকাস্টে বেন-গভির ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বিতাড়ন এবং সেখানে নতুন অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের আহ্বান পুনর্ব্যক্ত করেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই পরিকল্পনা ‘জাতিগত নিধন’-এর শামিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় ১,২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বেন-গভিরের বিতর্কিত বক্তব্য মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।

