বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ; আহত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ; আহত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে এক ছাত্রীকে র‍্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগে অর্থনীতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও প্রধান গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে জানা গেছে। রাতের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে এবং রাত দেড়টা পর্যন্ত দুই বিভাগের শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান করতে দেখা যায়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা হোসাইন নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ওই ছাত্রী প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে র‍্যাগিং ও উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে মুসার বিরুদ্ধে।

এ ঘটনায় অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা সিনিয়রদের জানালে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীকে মারধর করা হয়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাতভর ক্যাম্পাসের ভেতরে ও বাইরে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, ইংরেজি বিভাগের মুসা তাঁদের জুনিয়র ছাত্রীকে র‍্যাগিং ও উত্ত্যক্ত করেছেন। তবে ইংরেজি বিভাগের একাধিক শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে ঘটনাটি অতিরঞ্জিত করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ বলেন, ‘দুই পক্ষকে নিবৃত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’