রাজধানী ঢাকার মোহাম্মদপুরে এলেক্স ইমন হত্যা মামলায় মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) র্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান। শনিবার (১৫ আগস্ট) র্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালায়। সেখানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলাম (২৯) গ্রেপ্তার হন।
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে উদ্ধার হওয়া অস্ত্র ও আলামত সম্পর্কে র্যাব জানায়, শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-২।

