রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ করিম। তিনি জানান, চাঁদাবাজি দমনের পাশাপাশি যানজট নিরসনে কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার (১৬ আগস্ট) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত ‘স্থানীয় ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন ও ট্রেড লাইসেন্স সেবা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।
মাসুদ করিম বলেন, অটোরিকশা নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে এবং সরকারের উচ্চপর্যায়ের আন্তরিকতা রয়েছে। তিনি যানজট নিরসনে ট্রাফিক ক্যামেরা সচল করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ট্রেড লাইসেন্স নবায়ন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে হবে। তিনি ব্যবসায়ীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সক্ষমতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান জানান, বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ২ লাখ ৪৬ হাজার ১৮টি ট্রেড লাইসেন্স বিদ্যমান রয়েছে। তিনি লাইসেন্স প্রদানের প্রক্রিয়া ও কর আদায়ের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

