বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৬, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ

সীমান্তে উত্তেজনা: উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে

সীমান্তে উত্তেজনা: উত্তর কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তর কোরিয়ার কয়েকজন সেনা সামরিক সীমারেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়লে, তাদের সতর্ক করতে গুলি ছোড়ে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার সেনাদের সীমারেখা লঙ্ঘনের প্রথম ঘটনা।

রোববার (১৬ আগস্ট) দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, গত সপ্তাহে ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। উত্তর কোরিয়ার একাধিক সেনা দক্ষিণের দিকে ঢুকে পড়েন এবং এ সময় দক্ষিণ কোরিয়ার সেনারা সতর্কতামূলক গুলি ছোড়ে। পরে উত্তর কোরিয়ার সেনারা নিজেদের ভূখণ্ডে ফিরে যান।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ধারণা, সীমারেখা অতিক্রমের সময় উত্তর কোরিয়ার সেনারা নিয়মিত টহল দিচ্ছিলেন। সতর্কতামূলক গুলির পর তারা ফিরে যাওয়ায় পরিস্থিতি আর উত্তপ্ত হয়নি। ওই এলাকায় পরে কোনো অস্বাভাবিক তৎপরতার খবর পাওয়া যায়নি।

ইয়োনহাপ জানিয়েছে, গত বছর উত্তর কোরিয়ার সেনারা ১৭ বার সামরিক সীমারেখা অতিক্রম করেছিলেন, তবে চলতি বছরে এটি প্রথম ঘটনা।

এদিকে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কয়েক হাজার সেনার অংশগ্রহণে শুরু হতে যাওয়া যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করেছে উত্তর কোরিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এ মহড়ার জবাবে তারা আরও শক্তিশালী প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে। সোমবার থেকে শুরু হতে যাওয়া ১১ দিনের এই সামরিক মহড়া প্রতি বছর গ্রীষ্মে অনুষ্ঠিত হয়।