বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৭, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ২:১০ অপরাহ্ণ

থানার ফটকে বাবার মৃত্যু, বড় ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

থানার ফটকে বাবার মৃত্যু, বড় ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানার সামনে শনিবার (১৫ আগস্ট) দুপুরে আবু তাহের মজুমদার (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ নিয়ে থানায় যাওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু তাহেরের বড় ছেলে শহিদুল ইসলাম ওরফে শরীফের বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ ছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে, তবে সমস্যার সমাধান হয়নি। শনিবার সকালে ছেলের সঙ্গে ঝামেলার পর আবু তাহের থানায় অভিযোগ করতে যান।

অভিযোগপত্র লিখিয়ে থানার মূল ফটক দিয়ে ঢোকার সময় তিনি পড়ে যান। পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, আবু তাহের বিভিন্ন রোগে ভুগছিলেন এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে শহিদুল ইসলাম বাবাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তার বাবা কিছুদিন ধরে মানসিক সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। স্থানীয় এক প্রতিবেশী জানান, শহিদুল দেশে ফেরার পর মাদক সেবন ও টাকা চাওয়ার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধ তৈরি হয়।

আবু তাহেরের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।