রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ও হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আজ সকালে এই মামলায় গ্রেপ্তার হওয়া ৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইসঙ্গে গ্রেপ্তার হওয়া আরও দুই আসামিসহ ১১ জনকে আগামী ৩ সেপ্টেম্বর হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
শুনানিতে প্রসিকিউটর জহিরুল আমিন জানান, মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের খুঁজে পায়নি। আদালত দু’জনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুসহ নন এক্সিকিউটিভ রিপোর্ট জমা দেওয়ার জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন।
শেখ হাসিনা ছাড়া অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এবং আরও অনেকে।

