বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ২৭, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ প্রকাশ: আগস্ট ১৬, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-১১। এ সময় পিস্তলের পাশাপাশি একটি ম্যাগাজিন, ৪টি সিসি ক্যামেরা, ২টি গুলতি ও ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ সূত্রে জানা যায়, কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবন ছিনতাই ও মাদকের স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ আগস্ট রাত ১২টা ৩০ মিনিটের দিকে র‍্যাব-১১ (সিপিএসসি) এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কয়েকজন সন্দেহভাজন দ্রুত পালিয়ে যায়। পরে পুরো ভবনে তল্লাশি চালিয়ে ছাদের ওপর পরিত্যক্ত অবস্থায় পিস্তলসহ অন্যান্য সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
র‍্যাব-১১ জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি গত জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল। উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।