বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ রোববার সকালে এক বিবৃতিতে জানান, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িবহরে হত্যার উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সন্ত্রাসীরা হামলা করেছে। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তা মোড়ে এমপি মুফতি আমির হামজা জনসংযোগ শেষে বাসায় ফেরার পথে পুলিশ এসকর্টে থাকা অবস্থায় সন্ত্রাসী হামলার শিকার হন। হামলায় তিনি, তার পরিবারের সদস্য ও সফরসঙ্গীসহ সাতজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এমপি আমির হামজা আগেই আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানিমূলক বক্তব্য ও সম্ভাব্য বিশৃঙ্খলার বিষয়ে অবহিত করেছিলেন। তবে পুলিশ ঘটনাস্থলে নিষ্ক্রিয় ছিল, যা দুঃখজনক। তিনি দাবি করেন, পুলিশ যদি সময়মতো কঠোর ভূমিকা পালন করত, তবে সন্ত্রাসীরা এমন হামলা চালাতে পারত না।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অবিলম্বে হামলায় জড়িত গণঅধিকার পরিষদের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনকে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

