রাজধানীর উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় আটজনের জড়িত থাকার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনসহ পাঁচজনকে শুক্রবার (১৪ আগস্ট) নারায়নগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইলিয়াস শিকদার (৩৬), জাফর (৩৬), মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪), মিন্টু রাড়ী (২৩) ও সাগর বাড়ৈ (৪০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, লুণ্ঠিত নগদ ১২ লাখ টাকা, র্যাবের ভুয়া পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট ও একটি মোটরসাইকেল।
গত রোববার সকালে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাম্পটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাত ভাই তাসীন আক্তার হক। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার আব্দুল করিম অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।
ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, তদন্তের ধারাবাহিকতায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি বলেন, ‘মূল হোতা এখনও পলাতক রয়েছে এবং গ্রেপ্তারদের মধ্যে তিনজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল।’

