বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৫, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ

কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

কাপ্তাই পলিটেকনিকে মোবাইল স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৩

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) মোবাইলে স্ট্যাটাসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে দশটা থেকে রাত ১২টা পর্যন্ত এ সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। বিএসপিআই এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ জানান, সংঘর্ষের সূত্রপাত ঘটে আঞ্চলিক ফোরাম ও মোবাইলে স্ট্যাটাস নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে। পরে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে এবং সংঘর্ষে রূপ নেয়। আহতদের মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন এবং ৪ জন চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকপির হাবিব, আরাফাত আবিব, ইমরান, আব্দল্লা আল তৌসিফ আবিদ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন হিরা, মোস্তাকিন, তারেক হোছাইন ও জাহিদ।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আহত শিক্ষার্থীদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএসপিআই কর্তৃপক্ষ এ ঘটনার তদন্তের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করেছে। তদন্তের নেতৃত্ব দেবেন অটোমোবাইল বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ। ক্যাম্পাসে বর্তমানে পর্ব সমাপনী পরীক্ষা চলমান রয়েছে এবং সতর্কতা জোরদার করা হয়েছে।