মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটির তারে ঝুলিয়ে রাখা বোমাসদৃশ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বক্সসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি বস্তু উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এগুলো বোমা নয়; বরং সাউন্ড বক্সের মতো যন্ত্র, যা ব্যাটারি ও তারের সংযোগে ছিল।
শহরের কোর্টমোড় ও ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে আরও দুটি বক্সসদৃশ বস্তু পাওয়া যায়। স্থানীয় পথচারীরা জানান, ড. শহীদ সামসুজ্জোহা পার্কের সামনে থাকা বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শোনা যায়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। উদ্ধারকৃত বস্তুগুলো থানায় নেওয়া হয়েছে এবং কে বা কারা এগুলো স্থাপন করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

