রাজধানীর এয়ারপোর্ট এলাকায় প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ডাকাতির ঘটনায় ১ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা লুটের অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারকৃতদের ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় অভিযান চালিয়ে আটক করা হয়। ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী তাসীন আক্তার হক, যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
ডাকাতির ঘটনার পর ডিবি তদন্ত শুরু করে এবং অভিযানে ডাকাতির টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় মিন্টো রোডস্থ ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, আলোচিত এই ডাকাতি মামলার অগ্রগতি ও গ্রেপ্তারের বিষয়টি জানাতেই জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

