বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৪, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

যশোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

যশোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঢাকা রোডে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কার্যালয়ের ভেতর থেকে এই বস্তুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিষ্কার করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান।

খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা কার্যালয়ে উপস্থিত হন। পরে কোতোয়ালি মডেল থানায় খবর দেওয়া হলে উপ-পরিদর্শক ফজলুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি কার্যালয়ের ভেতরে রেখে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার পর এর প্রকৃতি নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।