বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৫, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৪, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ

উত্তর আমেরিকার চার শহরে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন

উত্তর আমেরিকার চার শহরে অনুষ্ঠিত হবে ফোবানা সম্মেলন

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ সাংস্কৃতিক মিলনমেলা ‘ফোবানা’ এবার একই সময়ে চারটি পৃথক আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া এবং কানাডার টরন্টোতে এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে।

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হবে ‘৪০তম ফোবানা সম্মেলন ২০২৬’। এ উপলক্ষে স্কারবরোতে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনটি টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হবে।

১২ আগস্ট স্থানীয় একটি রেস্তোরাঁয় টরন্টো ফোবানার আয়োজক কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আবু জুবায়ের দারার নেতৃত্বে গঠিত কমিটি সম্মেলন সফল করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আয়োজক কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে সম্মেলনের প্রস্তুতি ও সাংস্কৃতিক আয়োজনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা ও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা অংশ নেবেন, তাঁদের মধ্যে রয়েছেন জুয়েল আইচ, সাজেদ আকবর, সেলিম চৌধুরী, ডলি শায়ন্তী ও ফকির শাহাবুদ্দিন। আয়োজকেরা জানান, কানাডার স্থানীয় আরও কয়েকজন শিল্পীও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।

আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা ও পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সংযোগ তৈরি করা।