ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি এবং একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমার যদি কোনো কাজ করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই সেটা করব।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম নজিব উদ্দীন খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি (ডিসিডিএস) কর্তৃক আয়োজিত পঞ্চম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ঢাকা কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে শিক্ষা ও অন্যান্য কার্যক্রমে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ঢাকা কলেজের সঙ্গে তার ব্যক্তিগত ও আবেগের সম্পর্ক রয়েছে। তিনি নিজেও এ কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজের বর্তমান অবকাঠামো দেখে কিছু পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করেন। বিশেষ করে কলেজের অডিটোরিয়ামসহ পুরো ক্যাম্পাসের উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান করার প্রয়োজন রয়েছে।
জুনায়েদ সাকি বলেন, শিক্ষা শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। বিতর্ক, বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম এবং ছাত্র আন্দোলনও শিক্ষার্থীদের শেখার গুরুত্বপূর্ণ অংশ। বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্কের সময় বিপক্ষ অবস্থান নেওয়ার অনুশীলন শিক্ষার্থীদের নিজেদের বিশ্বাস ও ধারণাকে প্রশ্ন করতে শেখায়।

