বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ

৩২ বছর পর পাকিস্তানে পাচার হওয়া আছিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে

৩২ বছর পর পাকিস্তানে পাচার হওয়া আছিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে

৩২ বছর আগে বাংলাদেশ থেকে পাচারের শিকার হয়ে নিখোঁজ হওয়া বরগুনার আছিয়া বেগমের সন্ধান মিলেছে পাকিস্তানে। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি পরিবারের সন্ধান পান।

বর্তমানে সাত সন্তানের জননী আছিয়া পাকিস্তান থেকে বাংলাদেশে ফিরে ৯৫ বছর বয়সী বাবা তমিজ উদ্দিনের কাছে যেতে চান। তমিজ উদ্দিন জীবনের শেষ প্রান্তে এসে হারিয়ে যাওয়া মেয়েকে একবার চোখের সামনে দেখতে চান।

পরিবার সূত্রে জানা যায়, তমিজ উদ্দিন ১৯৯০ সালের দিকে পরিবারের সদস্যদের নিয়ে বরগুনা থেকে ঢাকায় চলে যান এবং মিরপুরের বড়বাগ এলাকায় বসবাস শুরু করেন। ১৯৯৪ সালের কোনো এক বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আছিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি।

আছিয়া সম্প্রতি ফেসবুকে নিজের পরিচয় এবং বাবার নাম-ঠিকানা জানিয়ে একটি পোস্ট করেন। পোস্টটি ‘খোঁজ’ নামের একটি ফেসবুক পেজে শেয়ার হলে বরগুনার বাসিন্দা রিয়াজ উদ্দিন খানের নজরে আসে। রিয়াজের মাধ্যমে আছিয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার জানিয়েছেন, আছিয়ার ফিরে আসার জন্য দুটি প্রক্রিয়া রয়েছে। যদি তার বাংলাদেশে জন্ম নিবন্ধন অথবা নাগরিকত্ব সনদ থাকে, তবে পাকিস্তানের হাইকমিশনে গিয়ে প্রমাণ করতে পারলে একটি ট্রাভেল পাস পেতে পারেন। অন্যথায়, পরিবারের সদস্যরা জেলা প্রশাসককে মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন।