বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ২:২১ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের ওসির জুতা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

কক্সবাজারের ওসির জুতা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওর ব্যাখ্যা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটির দাবি, ভিডিওতে দেখা যায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়, বরং তার নিজের ব্যবহৃত সরকারি অক্সফোর্ড জুতা। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মর্যাদাহানিকর বলে অভিহিত করেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জারি করা বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সম্প্রতি একটি ভিডিওতে ওসি শেখ মোহাম্মদ আলীকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নামাজ শেষে বের হতে দেখা যায়। কিন্তু কতিপয় ব্যক্তি ও মাধ্যমে এ দৃশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করে ‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা হাতে ওসি’ শিরোনামে প্রচারণা চালানো হয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন উল্লেখ করেছে, একজন পুলিশ কর্মকর্তা নামাজ শেষে নিজের জুতা নিজ হাতে নিয়ে বের হওয়া স্বাভাবিক। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি শ্রদ্ধা জানালেও, সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।

সংগঠনটি আরও বলেছে, একটি আংশিক ভিডিওর ভুল ব্যাখ্যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। তাই এ ধরনের সংবেদনশীল বিষয়ে তথ্যের যথার্থতা নিশ্চিত করা সবার দায়িত্ব।