বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: আগস্ট ১৩, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ

ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ডুবল স্পেন ও আইসল্যান্ড

ইউরোপে বিরল পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ডুবল স্পেন ও আইসল্যান্ড

বুধবার ইউরোপের বিভিন্ন দেশে বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা গেছে। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেওয়ায় দিনের বেলায় রাতের মতো অন্ধকার নেমে আসে।

রাশিয়ার উত্তরাঞ্চল থেকে শুরু হয়ে সূর্যগ্রহণের পূর্ণতা গ্রিনল্যান্ড পেরিয়ে আইসল্যান্ডে পৌঁছায়। আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিতে ১৪৩৩ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।

আইসল্যান্ডের কেফলাভিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৭ মিনিটে পূর্ণ অন্ধকার নেমে আসে। দেশটির পশ্চিমাঞ্চলে সূর্যগ্রহণ প্রায় ২ মিনিট ১৩ সেকেন্ড স্থায়ী হয়, আর রেইকিয়াভিতে স্থায়ী হয় এক মিনিটের কিছু বেশি সময়।

এরপর স্পেনের বিভিন্ন এলাকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়। দেশটিতে এক শতাব্দীরও বেশি সময় পর এই বিরল দৃশ্য দেখা গেল। স্পেনের পাশাপাশি পর্তুগালের কিছু এলাকায়ও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়।

পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, ফলে সূর্যের বাইরের আবরণ বা করোনা দৃশ্যমান হয়। এই সময় চারপাশে অস্বাভাবিক অন্ধকার ও গোধূলির মতো পরিবেশ তৈরি হয়। তাপমাত্রাও কিছুটা কমে যায়।

এই বিরল দৃশ্য দেখতে আইসল্যান্ড ও স্পেনসহ বিভিন্ন দেশে হাজারো মানুষ জড়ো হন। অনেক পর্যটকও বিশেষভাবে সূর্যগ্রহণ দেখতে এসব দেশে যান। আগামী বছর, ২০২৭ সালের আগস্টে, স্পেনের দক্ষিণাঞ্চল ও উত্তর আফ্রিকার ওপর দিয়ে আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে।