শরীয়তপুরের সখিপুরে গর্ভবতী এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ জানিয়েছে, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি গত ৫ আগস্ট শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের ঢালী কান্দি এলাকায় ঘটে। অভিযুক্ত মিলন ঢালী (৩৩) চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এবং আক্কাস ঢালীর ছেলে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন মিলন। ঘটনার দিন, ভুক্তভোগী আইরিন লাবনী (২৩) বাবার বাড়িতে একা ছিলেন। এই সুযোগে মিলন বাড়িতে প্রবেশ করে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগীর মা নাজমা বেগম ৯ আগস্ট সখিপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা ভুক্তভোগী ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন। স্থানীয় মাদবর ওয়াসিম ঢালী ও আনোয়ার হোসেন সরদার অভিযোগ করেছেন যে, মিলন রাজনৈতিক প্রভাবের কারণে বেপরোয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী আইরিন লাবনী বলেন, তিনি ৭ মাসের গর্ভবতী এবং ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি প্রশাসনের কাছে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন। জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন জানিয়েছেন, ছাত্রদলের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তার দায় ছাত্রদল নেবে না।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, মামলার কপি আদালতে প্রেরণ করা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। হুমকির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

